ঘাস

কচি লেবুপাতার মতো নরম সবুজ আলোয়

         পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা;

কাঁচা বাতাবীর মতো সবুজ ঘাস— তেমনি সুঘ্রাণ—

         হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে!

আমারো ইচ্ছে করে এই ঘাসের এই ঘ্রাণ হরিৎ মদের মতো

         গেলাসে-গেলাসে পান করি,

এই ঘাসের শরীর ছানি— চোখে ঘষি,

         ঘাসের পাখনায় আমার পালক,

ঘাসের ভিতর ঘাস হ’য়ে জন্মাই কোনো এক নিবিড় ঘাস-মাতার

         শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে।

Tags (0) : No tags found.